Joy Jugantor | online newspaper

গাজীপুরে ২ সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০৮, ২৬ জানুয়ারি ২০২৬

গাজীপুরে ২ সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

গাজীপুরে ২ সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে হাফেজা খাতুন মালা (২৫) নামে এক নারী ‘আত্মহত্যা’ করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইলে নয়নীপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।নিহত মালা গাজীপুরের কালিগঞ্জ উপজেলাধীন দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে। তার দুই সন্তান হলো- আট বছরের মেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম ও পাঁচ বছরের ছেলে মারুফ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে রেললাইনে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেন।

এসময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত গিয়ে তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করে।নিহতদের পারিবারের বরাতে পূবাইল রেলস্টেশন মাস্টার মুসা বলেন, মালা তার শ্বশুরবাড়ি আতুরীতে সন্তানদের নিয়ে থাকতেন। সকালে ওই বাড়িতে ঝগড়া হয় বলে জানা গেছে। মেয়েকে ইউনিফর্ম পরিয়ে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হন মালা। পরে সন্তানদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, একটি নারী তার দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেছে। তদন্ত চলমান রয়েছে, পরে বিস্তারিত জানা যাবে।