হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি
ইরানের কারাবন্দি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে হাসপাতালের হৃদরোগ বিভাগ (সিসিইউ) থেকে ছাড়পত্র দিয়ে বাসায় পাঠানো হয়েছে। কারাগারে হার্ট অ্যাটাকের আশঙ্কায় হাসপাতালে ভর্তির কয়েক সপ্তাহ পর তাকে বাড়ি পাঠানো হয়েছে। সোমবার (১৮ মে) মোহাম্মদির পরিবারের পরিচালিত ফাউন্ডেশনের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।৫৪ বছর বয়সী নার্গিস মোহাম্মদি নারী অধিকার ও মৃত্যুদণ্ডবিরোধী আন্দোলনের জন্য কারাগারে থাকা অবস্থায় ২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার পান। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই তাকে নতুন করে কারাদণ্ড দেওয়া হয় বলে ফাউন্ডেশন জানিয়েছিল।ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, মার্চের শেষের দিকে তিনি হার্ট অ্যাটাকের শিকার হন বলে ধারণা করা হয়। প্রায় এক মাস পর তাকে প্রথমে উত্তর-পশ্চিমাঞ্চলের শহর জানজানের হাসপাতালে এবং পরে তেহরানের পারস হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে মোটা অঙ্কের জামিনে সাজা সাময়িকভাবে স্থগিত করা হয়।নার্গিসের মেয়ে কিয়ানা রহমানির বরাত দিয়ে ফাউন্ডেশন জানায়, তার সুস্থতার জন্য কারাগারের বাইরে বিশেষ তত্ত্বাবধানে চিকিৎসা দরকার। যদি তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়, তাহলে সেটা মৃত্যুদণ্ড কার্যকর করারই শামিল হবে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। দেশটির সরকারি গণমাধ্যমেও এ নিয়ে কোনো খবর প্রকাশ করা হয়নি।গত বছরের ডিসেম্বরে আইনজীবী খসরু আলিকোর্দির মৃত্যুর ঘটনায় নিন্দা জানানোর পর নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করা হয়। সেই সময় এক প্রসিকিউটর দাবি করেন, তিনি আলিকোর্দির স্মরণসভায় উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন।নোবেল কমিটি এর আগে তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছিল। ফাউন্ডেশন জানিয়েছে, ১ মে থেকে ১০ মে পর্যন্ত জানজানের মুসাভি হাসপাতালের সিসিইউতে এবং পরে ১০ মে থেকে ১৭ মে পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে তেহরানের পারস হাসপাতালে রাখা হয় তাকে। মাশহাদে অন্যায় গ্রেপ্তারের ১৫০ দিন পর এই সাময়িক মুক্তি মেলে।
