Joy Jugantor | online newspaper

আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ পেয়েছেন পিসিবি চেয়ারম্যান নাকভি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:২১, ১৬ মে ২০২৬

আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ পেয়েছেন পিসিবি চেয়ারম্যান নাকভি

আইপিএল ফাইনাল দেখার আমন্ত্রণ পেয়েছেন পিসিবি চেয়ারম্যান নাকভি

রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন দ্বিপক্ষীয় সিরিজ খেলেনা ভারত-পাকিস্তান। শুধুমাত্র বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো টুর্নামেন্টে নিরপেক্ষ ভেন্যুতেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের দেখা মেলে। গত বছর পাহালগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়েছে।তবে ক্রিকেট কূটনীতিতে সম্পর্ক উন্নতির কিঞ্চিৎ সম্ভাবনা জেগেছে। চলমান আইপিএলের ফাইনাল দেখার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে আমন্ত্রণ জানানো হয়েছে। চলতি মাসের শেষদিকে আহমেদাবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। মূলত উক্ত সভায় অংশ নেওয়ার পাশাপাশি আইপিএলের ফাইনাল দেখার আমন্ত্রণ জানানো হয়েছে নাকভিকে।

সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে জিও নিউজ।একটি আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ভবিষ্যৎ নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে চিফ এক্সিকিউটিভস কমিটি (সিইসি) ও বোর্ড সভাসহ একাধিক বৈঠকের আয়োজন করতে যাচ্ছে।প্রতিবেদন অনুযায়ী, সিইসি সভা ২১ মে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আর সরাসরি বোর্ড সভা হবে ৩০ ও ৩১ মে আহমেদাবাদে। একই দিনে, অর্থাৎ ৩১ মে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৬-এর ফাইনাল।

প্রতিবেদনে আরও বলা হয়, সাধারণ পরিস্থিতিতে নাকভির সরাসরি ওই সভায় অংশ নেওয়ার কথা। তবে ভারত ও পাকিস্তান সরকারের সম্পর্ক এবং দুই দেশের ক্রিকেট বোর্ডগুলোর টানাপোড়েনের কারণে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।এ দিকে সূত্রের দাবি, পিসিবি চেয়ারম্যানকে আইসিসি বোর্ড সভা ও আইপিএল ফাইনাল, দুই অনুষ্ঠানেই অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে পিসিবি প্রধান সেই আমন্ত্রণপত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে পাঠিয়েছেন। এখন তিনি সিদ্ধান্ত নেবেন, নাকভি ভারতে অনুষ্ঠিত সভা ও আইপিএল ফাইনালে অংশ নেবেন কি না।