বেঙ্গালুরু থেকে সরে গেলো আইপিএল ফাইনালের ভেন্যু
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরের শিরোপা জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রীতি অনুযায়ী এই ফ্র্যাঞ্চাইজির ভেন্যু চিন্নাস্বামী স্টেডিয়ামে চলতি আসরের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রথা ভেঙে ফাইনালের ভেন্যু সরিয়ে নেওয়া হয়েছে। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) ১০ হাজার ৫৭টি সৌজন্যমূলক টিকিট চাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল পিটিআই-কে জানিয়েছেন, অপেক্ষাকৃত কম ধারণক্ষমতার এই ভেন্যুতে সৌজন্যমূলক টিকিটের ব্যাপক চাহিদার কারণে এখানে আইপিএল ফাইনাল আয়োজন করা ‘অসম্ভব’ হয়ে পড়েছিল।
এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩৫ হাজার।আইপিএলের এবারের আসরের প্লে অফের খেলা হবে ধর্মশালা এবং নিউ চন্ডিগড়ে। আর ফাইনাল নেওয়া হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। পিটিআই-কে একটি সূত্র জানিয়েছে, ‘স্টেডিয়ামের ধারণক্ষমতার ১৫ শতাংশ টিকিট বিনামূল্যে পাওয়ার কথা কেএসসিএ-র। কিন্তু তারা অতিরিক্ত ১০ হাজার ৫৭টি টিকিটের দাবি করেছে।’সেক্ষেত্রে শুধুমাত্র রাজ্য বিধায়কদের জন্যই ৯০০ পাস দিতে হতো। প্রত্যেক বিধায়কের জন্য তিনটি করে পাস বরাদ্দ করার কথা ছিল। তাদের দাবি মিটিয়ে ১০ হাজারের বেশি টিকিট অতিরিক্ত দেওয়া হলে মাত্র ২০ হাজার সাধারণ দর্শক স্টেডিয়ামে আসতে পারতেন।
