Joy Jugantor | online newspaper

অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ জুন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৮, ৬ মে ২০২৬

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ জুন

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-২ তে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আদালত। আগামী ২৮ জুন পরবর্তী অভিযোগ গঠনের দিন নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (৬ মে) ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তারিখ নির্ধারণ করেন। এ বিষয়ে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে জানিয়ে বলেন, আজ মামলার শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক ব্যস্ত থাকায় শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৮ জুন নির্ধারণ করেছেন।

নথি থেকে জানা গেছে, গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এরপরে গত ১৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র আমলে নেন একই আদালত। তারা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

এজাহার থেকে জানা গেছে, অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন। পরে গত বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন। পরবতীতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’আদেশ পায়।