অভিনেত্রী পরীমনি
র্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনির বাসায় অভিযানে গেছে র্যাব। অভিযানের কিছুক্ষণ আগে ফেসবুক লাইভে পরীমনি জানিয়েছিলেন, কে বা কারা তার বাসার দরজায় ধাক্কাধাক্কি করছেন।
এ বিষয়ে র্যাব সদর দপ্তরে যোগাযোগ করা হলে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।’
একই তথ্য জানান বাহিনীটির গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খানও।
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম সেখানে গিয়েছে। তারা পরীমনির বাসায় অভিযান তল্লাশি চালাচ্ছে। তল্লাশিতে এখনও কিছু পাওয়া গেছে কিনা সেটা বলতে পারছিনা। অভিযান ও তল্লাশি চলমান।’
এর আগে লাইভে পরীমনি বলেছিলেন, ‘কাকে ফোন দিব বুঝতেছি না। থানা থেকে কেউ ফোন ধরছে না।
‘আমি লাইভ কাটব না। যদি আমার হাত থেকে কেউ ফোন নিয়ে নেয় বুঝবেন আমার কিছু একটা হয়েছে।’
লাইভে শোনা যাচ্ছিল, দরজায় দাঁড়িয়ে থাকা কেউ একজন বলছিলেন, ‘ঘরে আসতে দেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর লোক।’
এক পর্যায়ে দরজা খুলে দেন পরীমনি। বন্ধ হয়ে যায় লাইভ।
