গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন কৃষক
সিরাজগঞ্জের কামারখন্দে রেললাইনের ওপর থেকে গরু সরাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক কৃষক ও তার তিনটি গরুর মৃত্যু হয়েছে। গত রোববার ঢাকা-ঈশ্বরদী রেলপথের কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম সেলিম মন্ডল। তিনি উপজেলার হালুয়াকান্দি গ্রামের গোলবার মন্ডলের ছেলে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ ও জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার রাকিবুল ইসলাম রাকিব জানান, রোববার বিকেলে এলাকায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হচ্ছিল। এসময় কৃষক সেলিম মন্ডল তার খামারের ৯টি গরু নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। পথে হালুয়াকান্দি এলাকায় গরুগুলো আচমকা রেললাইনের ওপর উঠে পড়ে।
ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করছিল। দ্রুতবেগে আসা ট্রেনের সামনে থেকে গরুগুলোকে সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা করেন সেলিম মন্ডল। কিন্তু শেষ রক্ষা হয়নি, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সেলিম মন্ডলসহ তিনটি গরুর মৃত্যু হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝড়-বৃষ্টির মধ্যে গরু রক্ষা করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
