Joy Jugantor | online newspaper

এলপিজি কার্ড দেবে সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৮, ২৭ এপ্রিল ২০২৬

এলপিজি কার্ড দেবে সরকার

এলপিজি কার্ড দেবে সরকার

যশোরের শার্শায় ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে নারীদের জন্য একগুচ্ছ নতুন সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি জানান, গ্রামীণ ও শহরের নারীদের রান্নার কষ্ট লাঘবে সরকার এলপিজি কার্ড সেবা চালু করতে যাচ্ছে। 

এছাড়া নারীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।সমাবেশে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি যোগ্য নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে তাঁর সরকার। 

তিনি জোর দিয়ে বলেন, বিএনপির মূল দর্শন হলো মানুষের কল্যাণ করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে উল্লেখ করে তিনি এখন দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

তিনি মনে করেন, নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন দ্রুততর হবে।অর্থনৈতিক উন্নয়নের রোডম্যাপ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, গত কয়েক বছরে বন্ধ হয়ে যাওয়া দেশের অনেক কল-কারখানা আগামী দুই থেকে চার মাসের মধ্যেই পুনরায় চালু করা হবে। এর ফলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের উলাশী খাল খনন কাজে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেওয়ার অনুরোধ জানান এবং জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজে যেন কেউ বিঘ্ন ঘটাতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলেন।

জনগণের লুণ্ঠিত অর্থ উদ্ধার করে তা সাধারণ মানুষের কল্যাণে ফিরিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ হয়ে গেছে। যদি কেউ পুনরায় এমন দুঃসাহস দেখায়, তবে ৫ আগস্টের মতো দেশের মানুষই তার সমুচিত জবাব দেবে। তিনি আশ্বস্ত করেন যে, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি তাঁর সরকার অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এই এলপিজি কার্ড ও ফ্যামিলি কার্ড প্রকল্পগুলো মাইলফলক হিসেবে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন।