দিনাজপুরে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক
দিনাজপুরের হাকিমপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ অফিসের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়।আটক ডা. সফিউল ইসলাম (৩৯) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। বর্তমানে তিনি হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসে ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত।ভুক্তভোগী নারী হাকিমপুর থানায় লিখিত অভিযোগে জানান, তার স্বামী অসুস্থ থাকায় চিকিৎসার সূত্রে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে পরিচয় হয়। চিকিৎসার এক পর্যায়ে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারের মাধ্যমে কথা-বার্তা হতো। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।
অভিযোগে আরো বলা হয়, অভিযুক্ত সফিউল ইসলাম বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে নিজের সরকারি কোয়ার্টারে ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।পরে তাকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের জন্য চাপ দেন।ভুক্তভোগী বলেন, গত বছরের ৫ অক্টোবর আমার স্বামীকে তালাক দেই। এরপর চলতি বছরের ১৮ জানুয়ারি অভিযুক্ত কর্মকর্তা আমাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেন। একই দিনে আমরা বিয়ে করি।অভিযোগে আরো বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারি পোস্ট অফিসের নোটিশের মাধ্যমে তিনি জানতে পারেন, অভিযুক্ত কর্মকর্তা ৬ দিন আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি তাকে তালাক দিয়েছেন।
এদিকে গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সকালে চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশে হাকিমপুর থেকে বিরামপুর যাচ্ছিলেন। এসময় তিনি হাকিমপুর পৌরসভার চারমাথা মোড়ে এলে অভিযুক্ত সফিউল ইসলাম ফোন করে ভুক্তভোগীকে অফিসে ডেকে নেন। সেখানে গেলে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও যৌন ভিডিও সংক্রান্ত অভিযোগে মামলা করা হয়েছে।
