Joy Jugantor | online newspaper

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৫, ১২ মার্চ ২০২৬

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নওগাঁয় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে জেলার ধামইরহাট ও মান্দা উপজেলায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন এবং মান্দা উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চকরামপুর মধ্যপাড়া গ্রামের মোসলেমের ছেলে পিন্টু।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে টিপটিপ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমিতে শসা তুলতে যান কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অপরদিকে মান্দা উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চকরামপুর মধ্যপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে গরু বাঁধা ছিল। বৃষ্টি শুরু হলে পিন্টু গরু আনতে মাঠে যান। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।