বগুড়ার সারিয়াকান্দিতে পঞ্চম শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে তোফাজ্জল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তোফাজ্জলকে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি সারিয়াকান্দি উপজেলার গোয়াল বাতান এলাকার মৃত তফিজ উদ্দিন প্রামানিকের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১৭ এপ্রিল ওই ছাত্রী প্রতিবেশী তোফাজ্জলের বাড়িতে খেলতে যায়। একপর্যায়ে ওই ছাত্রীকে কৌশলে নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন তোফাজ্জল।
পরে বিষয়টি জানাজানি হলে নির্যাতনের শিকার শিক্ষার্থীর বাবা পরের দিন তোফাজ্জলকে আসামি করে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে র্যাবের একটি দল মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম বলেন, শিশুকে ধর্ষণ মামলায় তোফাজ্জলকে গ্রেপ্তারের পর সারিয়াকান্দি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
