ধামইরহাটে নাগরিক সমাজের পদক্ষেপ পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়নে দুই দিনব্যাপী তৃণমূল অ্যাডভোকেসি প্র
বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ‘গুড গভর্ন্যান্স ইমপ্যাক্ট’ প্রকল্পের উদ্যোগে এবং ওয়াটারএইড বাংলাদেশ–সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের সহযোগিতায় দুই দিনব্যাপী তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।ধামইরহাট সিভিল সোসাইটি অর্গানাইজেশন কমিটির অংশগ্রহণে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে সুশাসন, জবাবদিহি ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজ সংগঠন (সিএসও) এবং সিটিজেন গ্রুপের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষের পরিচালনায় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ধামইরহাট উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত সিএসও ও সিটিজেন গ্রুপের নির্বাচিত ২৭ জন প্রতিনিধি, ইএসডিওর কর্মীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল তৃণমূল পর্যায়ে অ্যাডভোকেসি বিষয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান, দক্ষতা ও বাস্তব উদ্যোগ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা।
পাশাপাশি জলবায়ু-সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের দায়িত্ব ও জবাবদিহি, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং এসব সমস্যা সমাধানে নাগরিক সমাজের কার্যকর ভূমিকা তুলে ধরা হয়।প্রশিক্ষণে আলোচনা, প্রশ্নোত্তর, অভিজ্ঞতা বিনিময় ও দলীয় কাজ উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণমূলক পদ্ধতিতে স্থানীয় সমস্যা, অংশীজনদের ভূমিকা ও দায়িত্ব পর্যালোচনা করা হয়। পাশাপাশি তৃণমূল অ্যাডভোকেসি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা সম্মিলিত উদ্যোগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য চাহিদাভিত্তিক নাগরিক সেবা নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
