Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে জুয়ার আসর থেকে নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

সাজাহাপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৮, ১৩ নভেম্বর ২০২৬

শাজাহানপুরে জুয়ার আসর থেকে নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

শাজাহানপুরে জুয়ার আসর থেকে নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

বগুড়ার শাজাহানপুরে জুয়া খেলার সময় র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন বর্তমান নিষিদ্ধ সংগঠন যুবলীগের খরনা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু তালেব মেম্বার।আজ শুক্রবার ভোরে খরনা ইউনিয়নের কাজলগৌরী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় মুন্নাফ হোসেন ওরফে তানসেন নামে এক যুবককেও আটক করা হয়।র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২-এর সিপিএসসি বগুড়া ক্যাম্প জানতে পারে, শাজাহানপুর উপজেলার কাজলগৌরী এলাকায় দুই ব্যক্তি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছেন। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভন ও রেফারেন্স জুয়ার লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করছিলেন।

এরপর শুক্রবার ভোর পৌনে ছয়টার দিকে র‍্যাব কাজলগৌরী গ্রামের মুন্নাফ হোসেন ওরফে তানসেনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় মুন্নাফ হোসেন এবং খরনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আলহাজ্ব আবু তালেব কে আটক করা হয়।আটক মুন্নাফ হোসেন ওই গ্রামের জলিলুর রহমানের ছেলে। অপরদিকে আবু তালেব গয়নাকুড়ী গ্রামের ইউনুছ আলীর ছেলে। অভিযানে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।পরে আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, পুলিশ তাঁদের আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।