সোনাতলায় ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলায় ৬৫ বছরের আসামি গ্রেপ্তার
বগুড়ার সোনাতলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. ছাদেক আলী ওরফে চতে (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে র্যাব-১২ বগুড়ার সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ছাদেক আলী সোনাতলা উপজেলার লোহাগড়া গ্রামের মৃত আজিমুদ্দিন প্রামাণিকের ছেলে।পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৩০ জুন দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে সোনাতলা উপজেলার ৪ নম্বর জোড়গাছা ইউনিয়নের নিমেরপাড়া গ্রামের একটি ছ-মিলের ভেতরে কৌশলে ডেকে নিয়ে ১০ বছরের শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, ঘটনার সঙ্গে গ্রেপ্তার আসামির সরাসরি সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে ফাজিলপুর এলাকার একটি পুকুরপাড়ের টংঘর থেকে ছাদেক আলীকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।