শেরপুরে মির্জাপুর-রাণীরহাট সড়কে দুই ট্রাক আটকে তীব্র যানজট, ভোগান্তিতে হাজারো মানুষ
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর-রাণীরহাট সড়কের খানা খন্দরে দুটি ট্রাক আটকে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ওই সড়কে যাতায়াতকারী হাজারো সাধারণ মানুষ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে মির্জাপুর-রাণীরহাট সড়কের মির্জাপুর এলাকায় এই দুর্ঘটনা সংক্রান্ত যানজটের সূচনা হয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্তমানে রাস্তাটি চলাচলের জন্য একেবারেই অনুপযোগী। সকালে পণ্যবাহী দুটি ট্রাক খানাখন্দে পড়ে আটকে গেলে রাস্তার উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
দেখতে দেখতে প্রায় ১ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে আটকে পড়ে সিএনজিচালিত অটোরিকশা ও পথচারীসহ অসংখ্য যানবাহন। মির্জাপুর ইউনিয়নের এক স্থানীয় ব্যবসায়ী বলেন, রাস্তাটির অবস্থা বেশ কিছুদিন ধরেই ভয়াবহ। ঝুঁকি নিয়ে যানবাহন চলত। আজ দুটি ট্রাক খাদে আটকে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে মানুষ কোথাও যেতে পারছে না।দুর্ভোগে পড়া চালক ও যাত্রীরা জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে দুর্ঘটনা আরও বাড়ে। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও সড়ক সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, চাতালসহ সকল পানি রাস্তার উপর দেওয়ার কারণে রাস্তা দ্রুত নষ্ট হয়েছে। তবে ১ সপ্তাহের মধ্যে সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু বলেন, আটকে থাকা ট্রাক দুটি সরিয়ে সড়কটি স্বাভাবিক করার চেষ্টা চলছে। পাশাপাশি সড়কটির জরুরি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
