Joy Jugantor | online newspaper

ধুনটে বিদেশি জাতের  আঙুর চাষে সফলতার স্বপ্ন বুনছেন নাহিদ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৬, ৭ মে ২০২৬

ধুনটে বিদেশি জাতের  আঙুর চাষে সফলতার স্বপ্ন বুনছেন নাহিদ

ধুনটে বিদেশি জাতের  আঙুর চাষে সফলতার স্বপ্ন বুনছেন নাহিদ

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি এলাকায় উচ্চ ফলনশীল বাইকুনুর জাতের আঙুর চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন  তরুণ উদ্যোক্তা নাহিদ ইসলাম। তার আঙুর বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন।জানা গেছে, কৃষির প্রতি আগ্রহ থেকেই পরীক্ষামূলকভাবে নিজের জমিতে বাইকুনুর জাতের আঙুর চাষ শুরু করেন নাহিদ ইসলাম। নিয়মিত পরিচর্যা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শে তার বাগানে ব্যাপক ফলন হয়েছে। বর্তমানে বাগানে থোকায় থোকায় ঝুলছে সুস্বাদু ও আকর্ষণীয় আঙুর।মোহাম্মদ মিনহাজুল ইসলাম (নাহিদ) বলেন, “আমি বিবিএ সম্পন্ন করেছি। দীর্ঘ ১২ বছর চাকরি করার পর উপলব্ধি করি, চাকরির পাশাপাশি নিজের কিছু করার প্রয়োজন রয়েছে। সেই চিন্তা থেকেই ২০২৪ সালে কৃষিভিত্তিক বাগান করার উদ্যোগ নিই। প্রথমে বড়ই বাগান শুরু করি, পরে বাইকুনুর জাতের আঙুরের পাশাপাশি ড্রাগন ও পেয়ারার বাগান গড়ে তুলি।

বর্তমানে ১৫ শতাংশ জমিতে আঙুরের বাগান করতে আমার প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। শুরুতে অনেকেই এ চাষ নিয়ে সন্দেহ প্রকাশ করলেও আমি সাহস হারাইনি। নিয়মিত পরিচর্যা ও পরিশ্রমের কারণে ভালো ফলনের আশা করছি। এ বাগান থেকে প্রায় ৪ লাখ টাকা মুনাফা পাওয়ার প্রত্যাশা রয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বাগান সম্প্রসারণের পরিকল্পনা আছে।”স্থানীয় কৃষকরা জানান, ধুনটের মাটিতে এ ধরনের বিদেশি জাতের আঙুর চাষ সফল হওয়ায় অনেকেই এখন আঙুর চাষে আগ্রহী হয়ে উঠছেন।ধুনট উপজেলা কৃষি অফিসার ছামিদুল ইসলাম  বলেন, বর্তমানে দেশে উচ্চমূল্যের ফল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। ধুনটে নাহিদের এই সফলতা অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন।