রংপুরে নিখোঁজের একদিন পর কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার
রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর আবু সাঈদ (৪০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ময়েনপুর ইউনিয়নের নাগেরহাট-কদমতলা সড়কের কসবা কৃষ্ণনগরগামী কাঁচা রাস্তা সংলগ্ন একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আবু সাঈদ উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া বালাবাড়ি গ্রামের মো. আজগর আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং নিজ বাড়িতে গবাদি পশু পালন করতেন।পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বাড়ির কাজ শেষে পার্শ্ববর্তী শাল্টির বাজারে যান আবু সাঈদ। বাজার থেকে গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।
কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে ময়েনপুর ইউনিয়নের আকমল হোসেনের আম বাগানে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।মিঠাপুকুর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
