Joy Jugantor | online newspaper

ধামইরহাটে ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:২১, ১২ মার্চ ২০২৬

ধামইরহাটে ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা

ধামইরহাটে ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা

নওগাঁর ধামইরহাটে ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে “ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও ইএসডিওর আয়োজনে ১২ মার্চ সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইএসডিওর প্রজেক্ট ম্যানেজার পজিদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী।

ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ইউএসওডির উপজেলা কো-অর্ডিনেটর মো. রওশন জামাল চৌধুরী, ওয়াটারএইড বাংলাদেশের প্রতিনিধি মো. সাইদ মোহাম্মদ হাসান-আল মাহাদী এবং স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট তুনাজিনা হক।

কর্মশালায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব, কর্তব্য ও কর্মপরিধি সম্পর্কে আইনি ব্যাখ্যা প্রদান করা হয়। এছাড়াও নারী জনপ্রতিনিধিদের কার্যকর নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন এবং ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী বলেন, “স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।”