পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে খিরাসহ ফসলের ব্যাপক ক্ষতি
জয়পুরহাটের পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে কৃষকের খিরাসহ অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। ১২ মার্চ বৃহস্পতিবার ভোরে হঠাৎ মুষলধারে বৃষ্টি হলে এ ক্ষতির মুখে পড়েন কৃষকরা।উপজেলার ধরঞ্জী, শ্রীমন্তপুর, হাটখোলা, রতনপুর, রায়পুর, পাড়ইল, নন্দইল, সমসাবাদসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৃষ্টিতে মাঠের খিরা ও পিয়াজ ক্ষেতে হাঁটু পানি জমেছে। এছাড়াও ভুট্টা, সরিষা ও গম ক্ষেতে বৃষ্টির কারণে ফসল নুয়ে পড়েছে। কৃষকরা তাদের জমির পানি সেচ দিয়ে বের করে দিচ্ছেন। অন্যদিকে কেউ কেউ শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিয়ে বের করছেন।
কৃষকরা জানান, বর্তমানে খিরার ভরা মৌসুম চলছে। খিরা বিক্রি করে ঈদের কেনাকাটার স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ বৃষ্টিতে সেই স্বপ্ন ভেঙে গেছে।ধরঞ্জী গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন, “আমি অনেক স্বপ্ন নিয়ে এক বিঘা জমিতে ১৫ হাজার টাকা খরচ করে খিরার আবাদ করেছিলাম। আশা ছিল এবার লক্ষাধিক টাকার খিরা বিক্রি করব। আজকেই খিরা তোলার কথা ছিল। সকালে জমিতে গিয়ে দেখি হাঁটু পানি। আমার সব স্বপ্ন শেষ।”একই গ্রামের কৃষক আব্দুর রশিদ বলেন, “বৃষ্টিতে আমার দুই বিঘা জমির অপরিপক্ক গম নুয়ে পড়ে গেছে। ভালো ফলন আর হবে না।”কৃষক নুরুল ইসলাম বলেন, “আমার পিয়াজের জমিতে হাঁটু পানি জমেছে। পানি বের করার কোনো উপায় নেই। হঠাৎ বৃষ্টিতে আমার অনেক ক্ষতি হয়ে গেল।”পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন জানান, “যেসব জমিতে পানি জমেছে, সেসব জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। যত দ্রুত পানি নিষ্কাশন করা যাবে, কৃষকের জন্য ততই ভালো হবে।”
