আমরা বাজে ক্রিকেট খেলেছি’,লিটনের স্বীকারোক্তি
মেয়েদের পর শূন্য হাতে এশিয়ান গেমস শেষ করলো বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। শনিবার (৩ অক্টোবর) সকালে জাপানের নিশিনে ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে প্রথমবারের মতো এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে টাইগাররা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস।শ্রীলঙ্কার বিপক্ষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অবশ্য কোনো অজুহাত দিতে চাননি লিটন দাস। তিনি বলেন, ‘আমরা বাজে ক্রিকেট খেলেছি। আমার কাছে মনে হয়েছে প্রথম আট ওভার পর্যন্ত আমরা ভালো বোলিং করেছি। এরপর আপনারা দেখেছেন, একটা ব্যাটসম্যান এসে যেরকম শট খেলেছেন কঠিন উইকেটে। সে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। আর বোলাররা কোনো ক্লু খুঁজে পায়নি এখান থেকে কীভাবে কামব্যাক করবে। অসাধারণ ইনিংস খেলার জন্য তাকে কৃতিত্ব দিতেই হয়।’শ্রীলঙ্কার বড় সংগ্রহের জবাবে বাংলাদেশের ব্যাটিংও প্রত্যাশা পূরণ করতে পারেনি।
লিটন বলেন, ‘আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি, কোনোভাবেই তাদের ছুড়ে দেওয়া রান কাভার আপ করতে পারিনি। ব্যাটিং ওয়াইজ আমরা আজকে আপ টু দ্য মার্ক ছিলাম না।’এশিয়ান গেমসে ব্রোঞ্জও না পাওয়ার হতাশা লুকাননি টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘ব্রোঞ্জ জিততে না পারায় খারাপ লাগছে। এখানে ফাইনালের টার্গেট নিয়ে এসেছিলাম। সেটা যখন হয়নি, তারপর আরেকটা অপশন ছিল। সুযোগটা আমরা মিস করেছি।’হতশ্রী পারফরম্যান্সের পরেও অনুতপ্ত নন লিটন ক্রিকেটারদের সকল সুযোগ-সুবিধা থাকার পরও এমন পারফরম্যান্সে অনুতপ্ত বা অনুশোচনা হয় কি না– এমন প্রশ্নে লিটন বলেন, ‘এটা স্বাভাবিক বিষয়। আমরা দেশ থেকে যখন এসেছি, একটা বড় টার্গেট নিয়ে এসেছি। যখন দিতে পারিনি, অ্যাজ এ টিম হিসেবে, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সবারই খারাপ লাগবে এবং খারাপ লাগাটাই স্বাভাবিক। বাট অ্যাজ এ বাংলাদেশ টিম অনেক কিছুই দিয়েছে অতীতে। আমার মনে হয় ভবিষ্যতেও দেবে। আমরা ওইটার জন্যই চেষ্টা করবো আবার।’
