চ্যাম্পিয়নস লিগে বড় ম্যাচের রাত আজ
ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগে আবারও ফিরছে এক চেনা উত্তেজনা। ফুটবল বিশ্বের দুই মহাশক্তি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মুখোমুখি লড়াই যেন এখন প্রায় নিয়মিত ঘটনা। একই রাতে আরেকটি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এবং ইংলিশ জায়ান্ট চেলসি। দুই ম্যাচই শুরু হবে আজ দিবাগত রাত ২টায়।চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির দ্বৈরথ এখন প্রায় অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।
এবারের ম্যাচটি চ্যাম্পিয়নস লিগে দুই ক্লাবের ১৬তম সাক্ষাৎ। গত মৌসুমের প্লে-অফ রাউন্ডে রিয়াল মাদ্রিদের কাছে বিদায় নিতে হয়েছিল পেপ গার্দিওলার দলকে। তবে চলতি মৌসুমে দুই দল ইতোমধ্যেই একবার মুখোমুখি হয়েছে। লিগ পর্বে সান্তিয়াগো বার্নাব্যুতেই ২-১ ব্যবধানে জয় পেয়েছিল সিটি। সেই ম্যাচে রিয়ালের একমাত্র গোলটি করেছিলেন রদ্রিগো। তবে এসিএল ইনজুরিতে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন তিনি।
চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে নিজের দলের গোলের সবচেয়ে বড় অংশের সঙ্গে জড়িত দুই খেলোয়াড় হলেন এমবাপ্পে এবং আর্লিং হালান্ড। এমবাপ্পে রিয়ালের ২৪ গোলের মধ্যে ১৩টিতে সরাসরি অবদান রেখেছেন। অন্যদিকে হালান্ড সিটির ১৫ গোলের মধ্যে সাতটিতে অবদান রেখেছেন। হাঁটুর চোটে এমবাপ্পের খেলা অনিশ্চিত হলেও আক্রমণের নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন হালান্ড। এই পরিস্থিতিতে মাদ্রিদ আক্রমণের বড় দায়িত্ব পড়ে যেতে পারে ভিনিসিয়ুস জুনিয়রের ওপর। চ্যাম্পিয়নস লিগে এর আগে চারবার ম্যানচেস্টার সিটিকে বিদায় করেছে রিয়াল মাদ্রিদ।
অন্য ম্যাচে পিএসজি মুখোমুখি হবে চেলসির। চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি সাম্প্রতিক সময়টা খুব স্বস্তিতে কাটাচ্ছে না। লিগ ওয়ানে শুক্রবার মোনাকোর কাছে হেরে গেছে তারা। তবে চ্যাম্পিয়নস লিগে তাদের পারফরম্যান্স বেশ শক্তিশালী। শেষ পাঁচটি দুই লেগের নকআউট টাই জিতেছে তারা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে এটি পিএসজির টানা ১৪তম উপস্থিতি। এর মধ্যে তিনবার প্রতিপক্ষ ছিল চেলসি। শেষ দুই বারই জিতেছে পিএসজি।
ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে সাম্প্রতিক রেকর্ডও ভালো পিএসজির। শেষ আট ম্যাচে মাত্র একবার হেরেছে তারা। তবে চেলসির জন্য একটি বড় স্মৃতি এখনো তাজা। আট মাস আগে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছিল তারা। চেলসির সাম্প্রতিক ইউরোপীয় রেকর্ডও বেশ শক্তিশালী।
শেষ ১৬টি টাইয়ের মধ্যে ১৩টিতেই জিতেছে তারা। ৪১ বছর বয়সী রোজেনিয়রের জন্য ম্যাচটি বিশেষ। তার কোচিং ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস লিগ নকআউট ম্যাচ এটি।ইনজুরির কারণে চেলসির যৌথ সর্বোচ্চ গোলদাতা এসতেভাও এই ম্যাচে খেলতে নাও পারেন। জেমি গিটেনসও অনিশ্চিত। দীর্ঘদিনের ইনজুরিতে বাইরে আছেন লেভি কোলউইল। অন্যদিকে পিএসজির দলে সম্প্রতি ফিরেছেন ওসমান ডেম্বেলে এবং সেনি মাইয়ুলু। তবে এই ম্যাচে খেলতে পারবেন না গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ফাবিয়ান রুইজ।
