পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললো বিসিসিআই
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরকারের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন কঠিন সিদ্ধান্ত কাঁপিয়ে দিয়ে পুরো ক্রিকেট বিশ। তবে বিষয়টি নিয়ে এখনই প্রতিক্রিয়া জানাতে চায় না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আইসিসির সঙ্গে আলোচনা শেষে এই বিষয়ে মন্তব্য করা হবে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেন, ‘আইসিসি বড় এক বিবৃতি দিয়েছে। তারা স্পোর্টসম্যানশিপ নিয়ে কথা বলেছে। আইসিসির সঙ্গে আমরা পুরোপুরি একমত।
আইসিসির সঙ্গে কথা না বলা পর্যন্ত বিসিসিআই কোনো মন্তব্য করবে না।’পাকিস্তান সরকারের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে বড় চিন্তায় পড়ে গেছে আইসিসি। পাকিস্তান সরকারের সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, ‘আইসিসি এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় রয়েছে। এ ধরনের অংশগ্রহণের অবস্থান একটি বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—যেখানে যোগ্যতা অর্জনকারী সব দল নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হয়।’ পিসিবি তাদের সিদ্ধান্ত বদলে ভারতের সঙ্গে খেলবে বলে এখনো আশা করছে আইসিসি।নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
