Joy Jugantor | online newspaper

পপতারকা রিয়ানার বাড়িতে গুলি, সন্দেহভাজন আটক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০৫, ৯ মার্চ ২০২৬

পপতারকা রিয়ানার বাড়িতে গুলি, সন্দেহভাজন আটক

পপতারকা রিয়ানার বাড়িতে গুলি, সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলির সময় রিয়ানা বাড়িতেই ছিলেন।লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৮ মার্চ) বেলা ১টা ১৫ মিনিটে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এক নারী সন্দেহভাজনকে আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে অ্যাসল্ট রাইফেলের খোসা পাওয়া গেছে।

এ ঘটনায় কেউ আহত হননি। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ত্রিশের কোঠার ওই নারী গাড়ি নিয়ে বাড়ির সামনে থেমে সাতটি গুলি ছুড়ে দ্রুত চলে যান। পরে গায়িকার বাড়ি থেকে প্রায় ৮ মাইল (১২ কিলোমিটার) দূরে তার গাড়ি পাওয়া যায় এবং তাকে আটক করা হয়। এখনো সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি।রিয়ানার আসল নাম রবিন ফেন্টি। ২০০০-এর দশকের শুরুতে ‘পন দে রিপ্লে’ ও ‘আমব্রেলা’ গানগুলো গেয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান।

সম্প্রতি তিনি প্রথম অ্যালবামের ২০ বছর পূর্তি উদ্‌যাপন করেছেন। সংগীতের বাইরে ব্যবসায়ও তিনি নাম কামিয়েছেন। ২০১৭ সালে তিনি কসমেটিকস ব্র্যান্ড ফেন্টি বিউটি চালু করেন যা অল্প সময়ের মধ্যে বৈশ্বিক সাফল্য অর্জন করে। এরপর আসে অন্তর্বাস ব্র্যান্ড স্যাভেজ এক্স ফেন্টি।আন্তর্জাতিক সাময়িকী ফোর্বস জানিয়েছে, রিয়ানার সম্পদের পরিমাণ একসময় ১.৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে—বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার কোটি টাকার বেশি। তিনি বিশ্বের ধনীতম নারী সংগীতশিল্পীদের একজন।