জঙ্গলে কী করছেন রাশমিকা
ভারতের কেরালার গহীন জঙ্গলে প্রতিদিন টানা ৮ ঘণ্টা ঘাম ঝরাচ্ছেন দক্ষিণী সেনসেশন রাশমিকা মান্দানা। নারী-কেন্দ্রিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘মাইসা’ এর শুটিংয়ের জন্য সেখানে কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেত্রী।নতুন সিনেমার এ মিশনে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন রাশমিকা। জানা গেছে, এ সিনেমায় শুধু গ্ল্যামার নয় বরং পেশিবহুল এক দুর্ধর্ষ যোদ্ধারূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি।গত কয়েক মাস ধরে নিয়েছেন কঠোর শারীরিক প্রশিক্ষণ। চরিত্রের প্রয়োজনে কেরালার জঙ্গলে প্রতিদিন টানা ৮ ঘণ্টা করে কঠোর শারীরিক কসরতে ব্যস্ত সময় পার করছেন। হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট থেকে শুরু করে জটিল সব স্টান্ট, সবকিছুতেই পারদর্শী হতে ঘাম ঝরাচ্ছেন।
পরিচালক রাওয়িন্দ্রা পুল্লের নির্দেশনায় প্রতিটি অ্যাকশন দৃশ্য যাতে বাস্তবসম্মত হয় সে লক্ষ্যে পেশাদার প্রশিক্ষণ নিচ্ছেন রাশমিকা। নির্মাতার দাবি, এ সিনেমার মাধ্যমে দর্শকরা ‘অ্যানিমেল’ খ্যাত অভিনেত্রীকে এমন এক রূপে দেখবে যা তাকে আগে পর্দায় কল্পনা করা হয়নি।দীর্ঘদিন ধরে বড় পর্দায় নারী-কেন্দ্রিক বলিষ্ঠ গল্পের যে অভাব ছিল, ‘মাইসা’ সম্ভবত সেই আক্ষেপ মেটাবে বলেই মনে করছেন সিনে দর্শক। কেবল গ্ল্যামারাস উপস্থিতি নয়, একজন অভিনয়শিল্পীর পরিশ্রম কীভাবে একটি চরিত্রের গভীরতা বাড়িয়ে দেয়, রাশমিকা এখন সে প্রমাণ দিতেই দক্ষিণ ভারতের গহীন অরণ্যে ঘাম ঝরাচ্ছেন।কেরালার দুর্গম বনাঞ্চল ও ঠান্ডা পরিবেশে রাশমিকার শুটিংয়ের এক ঝলক নেটদুনিয়ায় প্রকাশ পেয়েছে। ভিডিওটি প্রকাশের পরপরই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে রাশমিকা।
