দুপচাঁচিয়ায় সড়কে অবৈধভাবে বালু রাখায় প্রাণ গেল সিএনজি চালকের
বগুড়ার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে অবৈধভাবে বালু রেখে কাজ করার কারণে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মোজাফফর হোসেন (৩৬) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।নিহত মোজাফফর হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার দেবীশাওল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর শুক্রবার ভোরে সিএনজিতে গ্যাস নেওয়ার জন্য মোজাফফর বাড়ি থেকে বগুড়ার উদ্দেশে রওনা হন। পথে দুপচাঁচিয়া উপজেলার ছোট পাইলকপাড়া এলাকায় আক্কাস আলী চাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর অবৈধভাবে বালু রাখার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে সিএনজি চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে যান।পরে স্থানীয় এক অটোরিকশাচালক দ্রুত আহত মোজাফফরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।