নওগাঁয় ৫ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
নওগাঁয় এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে ‘মেধাবী সংবর্ধনা’ প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আজম (ভিপি রানা) ও খায়রুল আলম গোল্ডেন। এ সময় জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ ও শিক্ষার্থী সাবাতুন সাওদা বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘আমাদের প্রাকৃতিক সম্পদ আজকের শিক্ষার্থীরা। তোমরা পরিশ্রম ও কষ্ট করে যে সাফল্য অর্জন করেছ, এটি তোমাদের প্রথম ধাপ। এর পর আরও কঠিন ধাপ রয়েছে। সেই ধাপগুলোও এভাবে সফলতার সঙ্গে অতিক্রম করতে হবে। তাহলেই তোমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে। আমি মনে করি, ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে কেউ। তবে তোমাদের একটি উদ্দেশ্য থাকতে হবে, তা হলো দেশপ্রেম। তাই সবার আগে লেখাপড়াকে গুরুত্ব দিতে হবে। এরপর অন্য কিছু করতে হবে।’পরে প্রধান অতিথি পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দিয়ে ‘মেধাবী সংবর্ধনা’ প্রদান করেন।
