পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়
নওগাঁয় বেসরকারি বলাকা ক্লিনিকে প্রসূতির সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতক চুরির অভিযোগের ঘটনায় সাত দিন পর মালিনা (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে ৭ থেকে ৮ দিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করা হয়।এর আগে গত ৫ নভেম্বর শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় বেসরকারি বলাকা ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ ওঠে। এ ঘটনা সামনে এলে শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।বিষয়টি নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে জন্ম নেওয়া যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আদমদীঘির তারতা গ্রামে এক নারীর কাছে কয়েক দিন বয়সী একটি নবজাতক রয়েছে। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক নারী পুলিশ হেফাজতে রয়েছেন। আটক নারী প্রথমে নিজেকে প্রসূতি দাবি করলেও পরবর্তী সময়ে তিনি নবজাতকটি সংগ্রহ করেছেন বলে স্বীকার করেন।
উদ্ধার হওয়া শিশুটি নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। এর মধ্যে শিশুটির প্রকৃত মা-বাবার সন্ধান না পাওয়া পর্যন্ত সে পুলিশ হেফাজতে থাকবে। এ ঘটনায় তদন্ত চলছে।গত ৫ নভেম্বর নওগাঁ শহরের কালীতলা এলাকার বাসিন্দা প্রসূতি শান্তনা আক্তারকে সন্তান প্রসবের জন্য বলাকা ক্লিনিকে নেওয়া হয়। ওই দিন রাত ৮টার দিকে তার সিজারিয়ান অপারেশন করা হয়। এর আগে গত ১২ ও ২১ অক্টোবর দুটি পৃথক ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাম করানো হয়। উভয় পরীক্ষার প্রতিবেদনেই গর্ভে যমজ জীবিত ভ্রূণ থাকার কথা উল্লেখ করা হয়েছিল।
গত ১২ অক্টোবর জয়পুরহাটের আক্কেলপুরের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবেদনে ভ্রূণ দুটির হৃদস্পন্দন প্রতি মিনিটে যথাক্রমে ১৪৭ বার উল্লেখ করা হয়। পরে ২১ অক্টোবর নওগাঁর রি-লাইফ ডায়াগনস্টিক সেন্টারের প্রতিবেদনেও দুটি জীবিত ভ্রূণের কথা উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে তাদের হৃদস্পন্দন যথাক্রমে ১৪৬ ও ১৪০ বার পাওয়া যায়। সম্ভাব্য ওজন উল্লেখ করা হয় ২ হাজার ৩৩১ ও ২ হাজার ৪৮৬ গ্রাম।কিন্তু সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির স্বজনদের একজন নবজাতক দেখানো হয়। এরপর থেকেই বিষয়টি ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতি এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তোলেন নবজাতকের স্বজনেরা।এ ঘটনায় নবজাতকের বাবা শান্ত ইসলাম নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে।
