৬৬ বছরেও খেজুর গাছের সঙ্গেই আব্দুল করিমের জীবন
শীত এলেই গ্রামবাংলায় শুরু হয় খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। খেজুর গাছের সঙ্গে গাছিদের এই সম্পর্ক যেন বহু বছরের ঐতিহ্য। সেই ঐতিহ্য ধরে রেখেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর গ্রামের গাছি আব্দুল করিম। বয়স ৬৬ বছর। ছোটবেলা থেকেই খেজুর গাছের সঙ্গে তাঁর সখ্য। বাবার হাত ধরে শেখা এই পেশায় কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। এবার এ পর্যন্ত দশটি খেজুরের গাছ কেটে রস সংগ্রহের জন্য প্রস্তুত করেছেন। সামনে আরও গাছ প্রস্তুত করবেন তিনি।আব্দুল করিমের বাবা ছিলেন খেজুর গাছের গাছি। ছোটবেলায় বাবার পেছনে পেছনে ঘুরতে ঘুরতেই এই কাজের সঙ্গে পরিচয় তাঁর। বাবাকে খেজুর গাছে উঠতে, গাছ কাটতে এবং রস সংগ্রহ করতে দেখে ধীরে ধীরে নিজেও শিখে নেন সেই কাজ। একসময় বাবার হাত ধরে শেখা পেশাই হয়ে ওঠে তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ।দীর্ঘদিনের অভিজ্ঞতায় খেজুর গাছ চেনা, গাছের উপযোগিতা বোঝা এবং রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করার কাজে দক্ষ হয়ে উঠেছেন আব্দুল করিম। বয়স ৬৬ বছর হলেও খেজুর গাছের প্রতি তাঁর ভালোবাসা কমেনি। প্রতি শীত মৌসুমে নতুন উদ্যমে শুরু করেন রস সংগ্রহের প্রস্তুতি।
সরেজমিনে শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর এলাকায় দেখা যায়, খেজুরের গাছ কেটে প্রস্তুত করছেন আব্দুল করিম। এ সময় তিনি বলেন, 'ছোটবেলা থেকেই বাবার সঙ্গে এই কাজ করি। বাবাকে দেখেই গাছে ওঠা শিখেছি। সেই থেকেই খেজুর গাছের কাজ করছি। এবার ১০টি গাছ কেটেছি। সামনে আরও কাটব।'তিনি আরও বলেন, 'খেজুর গাছের রস সংগ্রহের কাজ আমাদের পুরোনো ঐতিহ্য। শীত এলেই এই কাজের ব্যস্ততা বেড়ে যায়। বয়স হয়েছে, তবে যতদিন পারি এই কাজ করে যাব।'শীত মৌসুমে খেজুরের রস ও গুড় গ্রামবাংলার মানুষের কাছে বিশেষ আকর্ষণ। খেজুরের তাজা রস দিয়ে পিঠা-পায়েস তৈরি, আবার সেই রস জ্বাল দিয়ে গুড় তৈরির ঐতিহ্য বহুদিনের। শীতের সকালে খেজুরের রসের স্বাদ নিতে মানুষের আগ্রহও থাকে বেশ। আর সেই রস মানুষের কাছে পৌঁছে দিতে গাছিদের পরিশ্রমের বিকল্প নেই।
