Joy Jugantor | online newspaper

মহাদেবপুরে শিক্ষক জাহাঙ্গীর আলমের

বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত: ২০:৫৩, ২ নভেম্বর ২০২৬

বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

মহাদেবপুরে শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তবে শিক্ষকদের একটি সংঘবদ্ধ চক্র তার পক্ষ নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নিরুৎসাহীত করে আসছিল। স্থানীয় সূত্রে জানা যায়- গত কয়েক মাস ধরে শিক্ষক জাহাঙ্গীর আলম পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর সাথে অশোভন আচরণ করে আসছিল। বিষয়টি অভিভাবকরা প্রধান শিক্ষককে জানালেও তিনি কোন ব্যবস্থা নেননি। স্থানীয় ইউপি মেম্বারদের সহযোগিতায় এব্যাপারে তিন দফা বৈঠক হয়েছে। বৈঠকে ওই শিক্ষককে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস নেয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত গৃহীত হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এখনও তিনি পঞ্চম শ্রেণির ক্লাস নিচ্ছেন। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও একই অভিযোগ করেছেন। তারা এনিয়ে বিদ্যালয়ে বিক্ষোভ করেছে। সবশেষ কয়েকজন শিক্ষার্থী মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ দিয়েছে। রোববার (১ অক্টোবর) বিকেলে ইউএনও সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে বিষয়টি তদন্ত করেন।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বাবা-মা অভিযোগ করে বলেন- গত কয়েক মাস ধরে শিক্ষক জাহাঙ্গীর আলম তার মেয়েকে ব্যাড টাচ করে আসছে। বার বার তারা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালেও তিনি কোনই ব্যবস্থা গ্রহণ করেননি। তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীরা ক্লাসে হৈ চৈ করলে তাদের গায়ে হাত দিয়ে থামাতেন। এর বেশি কিছু না। প্রধান শিক্ষক আনোয়ারুল আবেদীন বলেন, পঞ্চম শ্রেণির ক্লাস নেয়া থেকে ওই শিক্ষককে বিরত রাখার সিদ্ধান্ত নেয়া হলেও অন্য দুজন শিক্ষক ছুটিতে থাকায় জাহাঙ্গীর আলমকে ক্লাস নিতে হয়েছে। তাকে বদলীর জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা জানানো হলে এখন তাকে বদলী করা যাবেনা বলে শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এস.এম আবু রায়হান বলেন, কাগজে কলমে বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন। শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন। তিনিই এবিষয়ে ব্যবস্থা নিবেন। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ বলেন, দুই সপ্তাহ আগে উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী তার অফিসে এসে সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীদেরকে যৌন হয়রানি করার অভিযোগ দেন। তদন্তে বিষয়টি প্রমাণিত হয়। এবিষয়ে তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পত্র প্রেরণ করবেন।