১৬ মিনিটেই আক্কেলপুর উপজেলাকে স্তব্ধ করল জয়পুরহাট পৌরসভা
বিকেলের মেঘলা আকাশ আর জয়পুরহাট জেলা স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ গ্যালারির গর্জন—সব মিলিয়ে তৈরি হয়েছিল উৎসবের এক অনবদ্য আবহ। মাঠের লড়াই বাঁশি বাজতেই জমে ওঠে। আর সেই উন্মাদনাকে প্রথম থেকেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় জয়পুরহাট পৌরসভা। সপ্তম মিনিটে রিপনের চমকপ্রদ গোল আর ১৬ মিনিটে আহাদের নিখুঁত ফিনিশিংয়ে আক্কেলপুর উপজেলাকে ২-০ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ উড়ন্ত সূচনা করল জয়পুরহাট পৌরসভা একাদশ।আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে উপস্থিত থেকে আসরের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, একসময় ছেলেরা খেলার মাঠে থাকতো।
এখন টেকনোলজির যুগে খেলার মাঠ ছেড়ে গিয়ে তারা ঘরের ভিতরে আবদ্ধ হয়ে থাকে। এই আবদ্ধ অবস্থা থেকে বের করে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পর থেকেই অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে তার মধ্যে এখানেও (খেলা) গুরুত্ব দিচ্ছেন।প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু যে শরীরের গঠন তা নয়, মনস্তাত্ত্বিক একটা জগৎ আছে, সেই জগতের পরিবর্তন খেলাধুলার মাধ্যমে আসে। খেলাধুলার মাঠে থাকলে বাচ্চারা সামাজিক হয়, একাকিত্বে ভোগে না। আজকে যে মাদক বা অনলাইন জুয়া সহ বিভিন্ন বিষয়গুলো সমাজে আসছে এখান থেকে তারা অনেক দূরে থাকে।তিনি আরও বলেন, খেলাধুলাকে শুধু এর মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি পেশা হিসেবে যাতে গ্রহণ করা যায় সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
সবগুলো উপজেলাতে উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃষ্টি করা হয়েছে। উপজেলাগুলোতে মিনি স্টেডিয়াম করা হচ্ছে। আমাদের জয়পুরহাট জেলায় প্রায় ৪৫ বিঘা জমির উপরে একটি মিনি স্টেডিয়াম এবং একটি স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে। সেটার লক্ষ্যে এখন জেলা প্রশাসক মহোদয় এলাকা দেখছেন। এটি হয়ে গেলে খেলাধুলা আরো বেড়ে যাবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক যাদব সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন প্রমুখ।আয়োজক কমিটি জানিয়েছে, জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ৮টি দল নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী ৯ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
