মান্দায় বাবা-ছেলে গ্রেপ্তার
নওগাঁর মান্দায় পৃথক অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাঁজরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন- পাঁজরভাঙ্গা বাজার এলাকার বাসিন্দা আতাউর রহমান ও তার ছেলে আরিফ হোসেন।মান্দা থানা পুলিশের দাবি, আতাউর রহমান কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও অর্থের যোগানদাতা। আর তার ছেলে আরিফ হোসেন একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ‘ব্ল্যাক হোল’ নামের কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত হয়েছেন।পুলিশ জানায়, আতাউর রহমানের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা এবং দলটির তথ্য ও অর্থের যোগানদাতা হিসেবে অভিযোগ রয়েছে।
এছাড়া মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগে তিনি একাধিকবার কারাভোগ করেছেন। অন্যদিকে, মান্দা থানার একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আরিফ হোসেনকে ‘ব্ল্যাক হোল’ কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘আতাউর রহমান মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে একাধিকবার জেল খেটেছেন। তিনি এলাকায় একজন দুষ্কৃতকারী হিসেবে পরিচিত।’তিনি আরও বলেন, ‘মান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অভিভাবক ও সচেতন নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন।’
