Joy Jugantor | online newspaper

বগুড়া সদরে উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালীন

ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১৮:৫৮, ৯ সেপ্টেম্বর ২০২৬

ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

বগুড়া সদরে উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

বগুড়া সদর উপজেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা প্রশাসন, বগুড়া সদর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহমেদ খান রুবেল।

বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আঃ ওয়াজেদ-এর সভাপতিত্বে এবং পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হান্নান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নজমুল হোসেন, পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রশিদ বজলু, শারীরিক শিক্ষক শফিউল আলম নিঠু প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

তারা আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়; পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডেও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উপজেলা পর্যায়ের এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের সাফল্যের প্রশংসা করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শারীরিক শিক্ষক, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে বগুড়া সদর উপজেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।