Joy Jugantor | online newspaper

ধুনটে জমির জরিপগত ও জেএল নম্বরের ভুল সংশোধন,স্বস্তিতে সাধারণ মানুষ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ২০:০৬, ৬ আগস্ট ২০২৬

ধুনটে জমির জরিপগত ও জেএল নম্বরের ভুল সংশোধন,স্বস্তিতে সাধারণ মানুষ

ধুনটে জমির জরিপগত ও জেএল নম্বরের ভুল সংশোধন,স্বস্তিতে সাধারণ মানুষ

বগুড়ার ধুনট উপজেলার কয়েকটি ইউনিয়নের ৭৭ টি মৌজার জমির জরিপগত ও জেএল (জুরিসডিকশন লিস্ট) নম্বরে দীর্ঘদিনের ত্রুটির কারণে চরম ভোগান্তিতে ছিলেন সাধারণ মানুষ।জমির তথ্যে আর.এস. জরিপের পরিবর্তে ভুলবশত বি.আর.এস. জরিপ উল্লেখ থাকায় দীর্ঘদিন ধরে অনেক ভূমির মালিক অনলাইনে নামজারি ও অন্যান্য ভূমি সেবা গ্রহণে জটিলতার মুখে পড়েন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জরিপ-সংক্রান্ত এ তথ্যগত ভুল সংশোধন করা হলে সাধারণ মানুষের ভোগান্তি দূর হয়।স্থানীয়দের অভিযোগ,  দীর্ঘদিন যাবত  এ সমস্যা থাকলেও কার্যকর সমাধান না হওয়ায় ভোগান্তি বাড়তেই থাকে।

অবশেষে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।ডিজিটাল ভূমি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে তিনি সংশ্লিষ্ট রেকর্ড যাচাই-বাছাই করে জমির জরিপ ও জেএল নম্বরের অসঙ্গতিগুলো শনাক্ত করেন। পরবর্তীতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই জটিলতার সমাধান করেন।এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা নামজারি, খাজনা পরিশোধ, জমি ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ভূমিসংক্রান্ত কার্যক্রমে গতি ফিরে এসেছে। সাধারণ মানুষ এখন আগের তুলনায় সহজে ভূমি অফিস থেকে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন।

এছাড়া ভূমি অফিসে নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর পরিশোধ, পর্চা সংগ্রহসহ বিভিন্ন সেবা নির্ধারিত সময়ের মধ্যে প্রদান এবং ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণের ফলে সেবার মানও উন্নত হয়েছে। এতে সেবাগ্রহীতাদের সন্তুষ্টি বেড়েছে।কোনাগাতি এলাকার ভূমিসেবা গ্রহীতা রোজিনা খাতুন বলেন, "আমার জমির খারিজের জন্য দীর্ঘদিন ধরে ভূমি অফিসে আবেদন করে বারবার ঘুরতে হয়েছে। কিন্তু জমির জরিপে ভুল থাকায় শেষ পর্যন্ত আমার আবেদনটি বাতিল হয়ে যায় ।

 পরে জানতে পারি, জরিপের ভুল সংশোধন না হলে খারিজ করা সম্ভব নয়।এরপর নতুন এসিল্যান্ড স্যার যোগদান করার পর তিনি জমির জরিপের ভুল এবং জে.এল. নম্বরের ত্রুটি সংশোধনের ব্যবস্থা করেন। ভুলগুলো ঠিক হওয়ার পর আমি পুনরায় খারিজের আবেদন করি। আবেদন করার অল্প সময়ের মধ্যেই কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত ভোগান্তি ছাড়াই আমার খারিজ সম্পন্ন হয় এবং আমি খারিজের কাগজ হাতে পাই।এত দ্রুত ও আন্তরিক সেবা পেয়ে আমি খুবই সন্তুষ্ট। আমি এসিল্যান্ড স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।"

কালেরপাড়া এলাকার মাফুজার রহমান বলেন, "জমির জে.এল. নম্বরের ভুল থাকায় দীর্ঘদিন ধরে আমি খারিজের আবেদন করতে পারিনি। পরে জানতে পারি, নতুন এসিল্যান্ড স্যার উদ্যোগ নিয়ে এসব জে.এল. নম্বরের ভুল সংশোধনের ব্যবস্থা করেছেন। ভুল সংশোধন হওয়ার পর আমি সহজেই খারিজের আবেদন করতে পেরেছি।এতে আমার দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। এমন জনবান্ধব ও আন্তরিক উদ্যোগের জন্য আমি এসিল্যান্ড স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সফলতা কামনা করছি।"

নাটাবাড়ি এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী জাহাঙ্গীর আলম বলেন, "আমি আমার জমির খারিজের জন্য ভূমি অফিসে আবেদন করেছিলাম। আবেদন করার পর খুব অল্প সময়ের মধ্যেই কোনো ধরনের হয়রানি ছাড়াই আমার খারিজ সম্পন্ন হয়। সেবাটি দ্রুত, সহজ ও আন্তরিকভাবে পাওয়ায় আমি অত্যন্ত সন্তুষ্ট।বিশেষ করে একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ হিসেবে আমি যে সহযোগিতা ও সম্মানজনক সেবা পেয়েছি, তা সত্যিই প্রশংসনীয়। ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং তাদের সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করি।"

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, "ধুনট উপজেলার কিছু ইউনিয়নের জমির জরিপগত ও জে.এল. নম্বরের অসঙ্গতির কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করে সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে সমস্যাগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এখন নাগরিকরা অনলাইনে ও ভূমি অফিসে সেবা গ্রহণে আগের তুলনায় অনেক বেশি স্বস্তি পাচ্ছেন। ভবিষ্যতেও ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।"