পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের ৬ দফা দাবিতে মানববন্ধন
"অধিকার আদায়ে-আমরা সবাই একসাথে" এ স্লোগানকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে মানববন্ধন করেছেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভরা। শুক্রবার সকালে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগন এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত ও ৬ দফা দাবীতে মানববন্ধন করে তারা।উক্ত মানববন্ধনে উপজেলা ফারিয়া সমিতির সভাপতি আবিদ রেজার সভাপতিত্বে উপজেলার বিভিন্ন ফার্মাসিউটিক্যালস্ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ওষুধ প্রতিনিধিদের জীবনযাত্রার মানোন্নয়নে ৬ দফা দাবি তুলে ধরেন।
সাধারণ সম্পাদক ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন— রাশেদ খান, নুর হোসেন, আবিদ রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানুষের দোর-গোড়ায় সেবা পৌঁছে দিলেও ওষুধ প্রতিনিধিরা নানাভাবে অবহেলিত। আমরা উচ্চ শিক্ষিত, নতুন কোন ঔষধ কোম্পানি বাজারে লঞ্চ করলে, আমরা সেই ওষুধের বৈজ্ঞানিক তথ্যগুলো ডাক্তারের কাছে পৌঁছে দেই। চিকিৎসকদের নতুন ঔষধের কার্যকারিতা, ডোজ ও পার্শ্ব-প্রতিক্রিয়া সম্পর্কে আধুনিক তথ্য সরবরাহ করি ও রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করে আসছি। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত ওষুধের সহজলভ্যতার নিশ্চিত করে থাকি। আমরা দালাল নয়, আমরা রোগীদের বন্ধু, আমরা চাকুরী করি। ঔষধ শিল্পে আমাদের মত প্রচুর উচ্চশিক্ষিত প্রতিনিধিরা নিয়োজিত আছে।
তারা আরও বলেন, অনেক ক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা বিভিন্ন সময় অপমান ও মানসিক নিগ্রহের শিকার হচ্ছেন। এছাড়াও বিভিন্ন সময় তাদের 'দালাল' হিসেবে অভিহিত করা হয়। যা তাদের ব্যক্তিগত এবং সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। এর ফলে এসব পেশাজীবী ও তাদের পরিবারবর্গ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা করা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করা। একটি নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।উল্লেখ্য, গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযান চালায় এনএসআই ও পুলিশ। সেই অভিযানে বহু দালালের সঙ্গে আটক করা হয় ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভকেও। তারা হাসপাতাল ভিজিটের জন্য বেঁধে দেয়া নির্দিষ্ট সময়ের বাইরে হাসপাতাল চত্বরে অবস্থান করছিলেন। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে যাচাই-বাছাই করে ছেড়ে দেন। সেদিনের ঘটনার প্রতিবাদে পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে সারিয়াকান্দি ফারিয়া মানববন্ধন করেন ।
