Joy Jugantor | online newspaper

ধামইরহাট সদর হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৭, ১০ মে ২০২৬

ধামইরহাট সদর হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

ধামইরহাট সদর হাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে পৌরসভার অধীন সদর সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে উন্মুক্তভাবে নতুন ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ধামইরহাটের সচেতন ব্যবসায়ী ও সর্বসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলাম, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুল ইসলাম মজনু, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক জেলা ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমন এবং আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রিভেন।বক্তারা অভিযোগ করেন, নিয়ম বহির্ভূতভাবে ধামইরহাট সদর সাপ্তাহিক হাটের ইজারা দেওয়া হয়েছে।

তাদের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর নির্বাহী কর্মকর্তা যোগসাজশ করে মহাদেবপুরের এক আওয়ামী লীগ নেতাকে হাটের ইজারা পাইয়ে দিয়েছেন। তারা এ ইজারা বাতিল করে পুনরায় উন্মুক্ত দরপত্র আহ্বানের দাবি জানান।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একটি পক্ষ ইজারা ছাড়াই খাস আদায়ের অপচেষ্টা চালিয়ে টেন্ডারে কাউকে অংশ নিতে দিচ্ছিল না। পরে তৃতীয় দফায় জেলা প্রশাসকের কার্যালয়ে একজন সিডিউল জমা দিলে সরকারি বিধি অনুযায়ী তাকেই ইজারা দেওয়া হয়। তিনি বলেন, ইজারার মূল্য সরকারি নির্ধারিত মূল্যের চেয়েও বেশি হওয়ায় এখানে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।তিনি আরও জানান, “সারাদেশে যেভাবে সরকারি বিধি অনুসরণ করে হাটের ইজারা দেওয়া হয়, এখানেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ইজারাদার ইতোমধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছেন। তাই বকেয়া টাকার অভিযোগও সঠিক নয়।”