Joy Jugantor | online newspaper

সিরাজগঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:৪০, ২১ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলী আকন্দ (৬০) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহের আলী সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফুলজোড় নদীর তীরবর্তী কালিকাপুর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের ছেলে বাবু জানান, তার বাবা সোমবার সন্ধ্যায় অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর সারারাত তিনি আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি তার বাবার মরদেহ শনাক্ত করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, নিহত ব্যক্তি পেশায় অটোভ্যান চালক ছিলেন। তবে তার মৃত্যুর প্রাথমিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।