Joy Jugantor | online newspaper

রাজশাহীতে নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০, ৫ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:৫১, ৫ এপ্রিল ২০২৬

রাজশাহীতে নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

রাজশাহীতে নারী সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) এবং সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)-এর যৌথ উদ্যোগে নারী সাংবাদিকদের জন্য আয়োজিত তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত শনিবার রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে সমাপ্ত হয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত অংশগ্রহণকারী নারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুজান ভাইজ। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল। বক্তব্যে তিনি বলেন, তৃণমূল পর্যায়ের নির্বাচন কাভারেজে সাংবাদিকদের পেশাদারিত্ব, সংবেদনশীলতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. জান্নাতুল জাহান।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে স্থানীয় ক্ষমতার কাঠামো, শাসনব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে রিপোর্টিং; দ্বিতীয় দিনে নারী সাংবাদিকদের নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা; এবং তৃতীয় দিনে তথ্যের সত্যতা যাচাই ও তথ্যের অখণ্ডতা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা তৃণমূল পর্যায়ের নির্বাচন প্রক্রিয়া, তথ্য যাচাই, নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা এবং নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল বিষয়ে সম্যক ধারণা লাভ করেন। প্রশিক্ষণের অংশ হিসেবে ইন্টারেক্টিভ সেশন, গ্রুপ ওয়ার্ক ও ব্যবহারিক অনুশীলনের আয়োজন করা হয়। যা তাদের বাস্তব দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল, তথ্যনির্ভর ও পেশাদার সাংবাদিকতা চর্চায় সক্ষম হবেন।