টাঙ্গাইলে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
টাঙ্গাইলের সখীপুরে আলোচিত গৃহবধূ মুক্তা বেগম (৩৫) হত্যা মামলায় তার কিশোর ছেলে মুরাদ হাসানকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুরাদ তার মাকে হত্যার কথা স্বীকার করেছে। তবে এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে কাতারপ্রবাসী আলহাজ মিয়ার স্ত্রী মুক্তা বেগমের কম্বলে মোড়ানো মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই ছেলে মুরাদ পলাতক ছিল।স্থানীয়দের দাবি, মুরাদ মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য সে মাকে হত্যা করে পালিয়ে যেতে পারে বলে সন্দেহ করেন এলাকাবাসী।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নাতি মুরাদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সখীপুর থানায় মামলা দায়ের করেন।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান জানান, ঘটনার পর থেকে মুরাদের বাবা, প্রবাসী আলহাজ মিয়া ছেলে মুরাদের সঙ্গে যোগাযোগ করে পুলিশের কাছে আত্মসমর্পণের পরামর্শ দেন। পরে বৃহস্পতিবার বিকেলে মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করে নিজের অবস্থান জানায় মুরাদ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ভালুকার সিডস্টোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।মামলার তদন্ত কর্মকর্তা সজল খান জানান, মুরাদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার) সকালে তাকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা জানতে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
