শাজাহানপুরে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০২ ফেব্রুয়ারী) বেলা ১২টায় উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান, বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন (পিপিএম), শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান সহ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, শাজাহানপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ৭৫টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি মনিটরিং টিম পর্যায়ক্রমে ভোটকেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
