Joy Jugantor | online newspaper

বগুড়ায় বাবাকে কুপিয়ে হত্যা করলেন মানসিক ভারসাম্যহীন ছেলে

শেরপুর (বগুড়া প্রতিনিধি)

প্রকাশিত: ২১:৪৩, ১২ ডিসেম্বর ২০২১

আপডেট: ১০:১২, ১৩ ডিসেম্বর ২০২১

বগুড়ায় বাবাকে কুপিয়ে হত্যা করলেন মানসিক ভারসাম্যহীন ছেলে

প্রতীকী ছবি।

বগুড়ার শেরপুর উপজেলায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলেকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার ভোররাতে শেরপুর উপজেলার কয়েরখালি স্বরোরপাড়া গ্রামের তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

নিহত ব্যক্তি হলেন ৬০ বছর বয়সী মতিয়ার রহমান। তিনি উপজেলার কয়েরখালী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহিম বক্সের ছেলে। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন ছেলের নাম মামুন (২৮)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার মানসিক ভারসাম্যহীন ছেলে মামুন বাড়ি থেকে পাঁচ কেজি চাল নিয়ে স্থানীয় মাজারে দিয়ে আসেন। বিষয়টি নিয়ে মতিয়ারের (বাবা) সঙ্গে মামুনের  (ছেলে) বাগ¦বিতণ্ডা হয়। একপর্যায়ে  রোববার ভোররাতে মামুনকে নিয়ে তার বাবা মতিয়ার ঐ পাঁচ কেজি চালের সন্ধানে বের হন। মামুনকে নিয়ে মতিয়ার কয়েরখালি স্বরোরপাড়া গ্রামের ভূট্টার ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে হঠাৎ করেই মামুন তার বাবা মতিয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করেন। মামুন তার বাবার মুখ ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঐ সময় মতিয়ারের চিৎকারে আশপাশের মানুষজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তার মৃত্যু হয়।

জানতে চাইলে বগুড়া শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মতিয়ারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত ছেলে মামুনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। মামুন মানসিক ভারসাম্যহীন। মতিয়ারের পরিবারের থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

সম্পর্কিত বিষয়: