‘বাংলা চ্যানেল’ জয় করে কৃতিসন্তান জাহিদকে সংবর্ধনা
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত বিস্তৃত ‘বাংলা চ্যানেল’ সাঁতরে পাড়ি দিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার কৃতিসন্তান জাহিদুল ইসলাম জাহিদ পেয়েছেন সংবর্ধনা।সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তার হাতে ক্রেস্ট তুলে দেন।জাহিদ আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের প্রয়াত মোফাজ্জল হোসেন খোকার ছেলে।সংবর্ধনা পেয়ে জাহিদুল ইসলাম জাহিদ বলেন, নিজের জেলায় জেলা প্রশাসকের হাত থেকে সংবর্ধনা পাওয়া তার জন্য গর্বের। এই সম্মাননা তাকে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
তিনি আরও জানান, ২০২০ সালে প্রথম ঢাকায় ম্যারাথনে অংশগ্রহণ করেন। এরপর সুনামগঞ্জে ১০০ কিলোমিটার আল্ট্রা রান এবং ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এ পর্যন্ত তিনি প্রায় ১০০টি ম্যারাথন সম্পন্ন করেছেন।শুধু দৌড় নয়, সাঁতারেও রয়েছে তার উল্লেখযোগ্য অর্জন। তিনি সফলভাবে ফুলং চ্যানেল/কাপ্তাই লেকে ১৪ কিলোমিটার এবং কুতুবদিয়া চ্যানেলে ৭ কিলোমিটার সাঁতার সম্পন্ন করেছেন। এছাড়াও পদ্মা নদীতে ৭ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা অর্জন করেন।
