Joy Jugantor | online newspaper

গড়াই নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩১, ৮ মার্চ ২০২৬

গড়াই নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

গড়াই নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) পৃথক সময়ে মরদেহ দুটি উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল।নিহত দুই শিশু হলো- তায়েবা (৭) ও সুরাইয়া (৮)। এরমধ্যে তায়েবা ওসমানপুর গ্রামের ফারুকের মেয়ে ও সুরাইয়া একই গ্রামের সোহেলের মেয়ে।জানা যায়, শনিবার ৭ মার্চ শনিবার দুপুর আড়াই টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুরে গড়াই নদীর খেয়াঘাটের সন্নিকটে নদী তীরে খেলার পর চার বান্ধবী নদীতে গোসল করতে নামে। এসময় তারা সাতরে নদীর সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় স্রোতে পানিতে তলিয়ে যায়।

এসময় কাছাকাছি নদীতে চলমান নৌকার মাঝি দ্রুত ছুটে এসে দুইজনকে পানি থেকে টেনে তুলে উদ্ধার করেন। কিন্তু নদীর পানির  গভীরে তলিয়ে যায় শিশু তায়েরা ও সুরাইয়া। দুর্ঘটনার পর খোকসার ফায়ার সার্ভিস দপ্তরের টিম ও স্থানীয়রা ৮/১০ ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে খুলনার নৌবাহিনীর ডুবুরি টিম এসে অনুসন্ধান ও অভিযানের এক পর্যায়ে নিখোঁজ তায়েবা ও সুরাইয়াকে উদ্ধার করে।খোকসা ফায়ার ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আলতাফ হোসেন জানান, নদীতে স্রোতের কারণে দুই শিশু তায়েবা ও সুরাইয়া তলিয়ে নদীর গভীরে আটকে ছিল। খুলনার ডুবুরি টিম এসে তাদের উদ্ধার করে।