Joy Jugantor | online newspaper

মধ্যরাতে ভাঙচুর ও লুটপাট হওয়া বাড়িঘর পরিদর্শনে এমপি এনামুল হক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৩, ৪ অক্টোবর ২০২৬

মধ্যরাতে ভাঙচুর ও লুটপাট হওয়া বাড়িঘর পরিদর্শনে এমপি এনামুল হক

মধ্যরাতে ভাঙচুর ও লুটপাট হওয়া বাড়িঘর পরিদর্শনে এমপি এনামুল হক

নওগাঁর আদমদীঘিতে সম্প্রতি মধ্যরাতে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করতে রোববার (৪ অক্টোবর) সকালে ঘটনাস্থলে যান নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।এ সময় তিনি ভুক্তভোগীদের কাছ থেকে তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। পরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে ভুক্তভোগীদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এমপি এনামুল হক। তিনি বলেন, “আইন সবার জন্য সমান। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তা মেনে নেওয়া যায় না। এ ঘটনার বিচার হওয়া উচিত।”

অভিযোগকারী ভুক্তভোগী দক্ষিণ ফাঁসিপাড়া গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে সোলায়মান আলী জানান, ১ অক্টোবর রাত দেড়টার দিকে প্রতিপক্ষ মোজাম্মেল হকসহ ৫০-৬০ জন লোক নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এতে বাড়ির পাঁচটি ভাড়ারিয়াসহ ৮ লাখ টাকার বেশি মালামাল লুটপাট ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি আদমদীঘি থানায় অভিযোগ দায়ের করেছেন।তবে অভিযুক্ত মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই জমি আমি কিনেছি। আমার জমির অনলাইন খাজনা-খারিজ দেওয়া আছে। আদালত থেকেও আমার পক্ষে রায় রয়েছে। প্রতিপক্ষ আপিল করলেও আদালতে তাদের আপিল খারিজ হয়ে যায়। বিধায় জমিটি আমার দখলেই আছে। আমি কোনো হামলায় জড়িত নই। তৃতীয় পক্ষের গোলযোগের বিষয়ে আমি অবগত নই।”আদমদীঘি থানার ওসি মো. মিন্টু রহমান বলেন, “বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক জমির মালিক মোজাম্মেল হক। উভয় পক্ষকে আইনের প্রতি সম্মান দেখিয়ে বিজ্ঞ আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনো পক্ষ আইন অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”