জামায়াত আমিরের আসনে ১৩ নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে লড়ছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এই আসনে তার নির্বাচনী প্রচারণার ১৩টি কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন জামায়াত আমির।বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন জামায়াত আমির।তিনি লিখেছেন, ‘আজ আমার নির্বাচনী আসন ঢাকা-১৫ এ দাঁড়িপাল্লার ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি বলেন, ‘যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে, এ জাতি জুলাই পেরিয়ে এসেছে। পেশীশক্তির রাজনীতি শেষ হয়ে গিয়েছে। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে।’জামায়াত আমির আরও বলেন, ‘ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাঁড়িপাল্লা জায়গা করে নিয়েছে, তার প্রতিচ্ছবি আগামীকালের ভোটে ফুটে উঠবে।’
