Joy Jugantor | online newspaper

পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩০, ১৫ নভেম্বর ২০২১

পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

আদালত প্রাঙ্গণে পরীমনি

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

সোমবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত আসামিদের উপস্থিতিতে এ চার্জশিট গ্রহণ করেন। আগামী ১৪ ডিসেম্বর চার্জ শুনানির তারিখ ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালত-১০ এ বদলির আদেশ দেওয়া হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন, পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার।

এর আগে আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে আদালতে পৌঁছান পরীমনিসহ তিন জন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন বাড়ানেরা আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

চিত্রনায়িকা পরীমনি আজ সোমবার আদালতে হাজির হন

গত ১২ অক্টোবর ঢাকার সিএমএম আদালত থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। পরদিন আদালত চার্জশিট গ্রহণের তারিখ ২৬ অক্টোবর ধার্য করেন। ওই দিন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। তবে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক চার্জশিট গ্রহণ করেননি। ১৫ নভেম্বর চার্জশিট গ্রহণের তারিখ ধার্য করেন আদালত।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।  মাদকের মামলায় পরীমনির ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ১৯ আগস্ট আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরের দিন তিনি কারামুক্ত হন।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখায় চার্জশিট জমা দেন।