বগুড়া মহানগর ৩নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মশার বংশবিস্তার রোধে বগুড়া মহানগরীর ৩নং ওয়ার্ডের দত্তবাড়ি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ কর্মসূচি ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, স্যানিটারি ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান এবং বগুড়া জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ও জেলা বিএনপির পশুবিষয়ক সম্পাদক, বগুড়া মহানগর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব ময়নুল হক বকুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া মহানগর ৩নং ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির সভাপতি সাঈদ হোসেন, সদস্য সচিব সালাম শেখ, আইনুর রহমান, বেলাল মাস্টার, সহিদ হোসেন টম্পি, খায়রুল ইসলাম, রিপন, আলম, জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।অভিযানকালে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, আশপাশের পরিবেশ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে সম্ভব নয়, এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়াতে পারলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।এ সময় ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
