বগুড়ার কাহালুতে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
বগুড়ার কাহালুতে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে প্রতিবেশী দুই শিশু। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালাই কুর্নিপাড়া এলাকার কারিগরপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু দুটির বয়স যথাক্রমে পাঁচ ও চার বছর।নিহত শিশুরা হলো, কারিগরপাড়া এলাকার জাকির হোসেনের মেয়ে ছাগিরা খাতুন (৫) ও আবু বক্কর সিদ্দিকের মেয়ে তামান্না খাতুন (৪)।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল শিশু দুটি। খেলার একপর্যায়ে তাদের একজন পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপর শিশুটিও পানিতে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, দীর্ঘ সময় শিশু দুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যায় ছাগিরার বাবা জাকির হোসেন পুকুরে নেমে খোঁজাখুঁজির সময় পানিতে শিশু দুটিকে দেখতে পান। পরে দ্রুত তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।খবর পেয়ে কাহালু থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
