বগুড়া সদরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য, ঢেউটিন ও চেক বিতরণ
বগুড়া সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ এবং বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পর্যায়ক্রমে শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়। এ সহায়তার মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলো সাময়িকভাবে হলেও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা পাবে বলে সংশ্লিষ্টরা জানান।
