Joy Jugantor | online newspaper

বগুড়ায় টাকা লেনদেনকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৩, ১১ জুলাই ২০২৬

আপডেট: ১৮:০০, ১১ জুলাই ২০২৬

বগুড়ায় টাকা লেনদেনকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় টাকা লেনদেনকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফ শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে মহানগরের লতিফপুর কলোনি এলাকার প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আরিফ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে।জানা যায়, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সাথে তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। পরে গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফ শেখের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। নিহতের বোন রুমি আফরিন বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, তাদের মামার নিকট আরিফ ১০ লাখ টাকা পেতেন। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে এলাকার চিহিৃত ভাড়াটে লোক দিয়ে তার ভাইকে হত্যা করা হয়েছে।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ জানা যায়নি। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।