গাবতলীতে জমি বিরোধে ভাই-বোনকে পিটিয়ে আহতের অভিযোগ
বগুড়ার গাবতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিন ভাই-বোনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্লার ছেলে শামীম বিশ্বাসের (৩২) সঙ্গে একই গ্রামের কয়েকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৮ মে সকাল ৯টার দিকে প্রতিপক্ষরা বাঁশের লাঠি, লোহার রড, হাসুয়া, চাকুসহ দেশীয় অস্ত্র নিয়ে শামীম বিশ্বাসের বাড়িতে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা শামীম বিশ্বাসকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং তার ডান পায়ের হাঁটু ভেঙে দেয়। এ সময় ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে শামীমের বড় বোন রিনা খাতুন (৩৯) ও চাচাতো বোন রেশমা খাতুনকেও (৩৮) মারধর করা হয়।এ ঘটনায় শামীম বিশ্বাস বাদী হয়ে গত ৮ মে আব্দুল মোতালেব (৬০) কে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গাবতলী মডেল থানার এসআই আহসান হাবিব জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
